কোনো এক রাজ্যে বাস করত এক কাক। সে দুঃখ পেলেই মনের সুখে গান গাইত। সেই গান শুনে কিছু কাক তাকে বলত, বাহ, তোমার গানের গলা তো অনেক সুন্দর! তুমি গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না কেন? এমন কথা কাক হেসেই উড়িয়ে দিত। বলত, কাকের আবার গানের প্রতিযোগিতা!
যাই হোক, বেশ কিছু দিন অন্য কাকদের প্রশংসা শুনতে শুনতে তার চিন্তাধারায় পরিবর্তন এল। সেও মনে মনে ভাবতে শুরু করল, আমার তো গানের গলা খুব ভালো, আমারও উচিত গানের প্রতিযোগিতায় অংশ নেওয়া। প্রথম হয়েই গেলে তো হলোই। দ্বিতীয় বা তৃতীয় হলেও খারাপ না। এই পরিকল্পনা থেকে সে বছর যে গানের প্রতিযোগিতা হলো, সেখানে সে নাম দিল। প্রতিযোগিতার জন্য অনেক প্রস্তুতিও নিল। অপেক্ষা শেষে প্রতিযোগিতার দিন তার গান গাওয়ার ডাক এল।
সেই কাক মঞ্চে গিয়ে সবার সামনে তার ‘সুরেলা’ কণ্ঠে গান গাওয়া শুরু করল। যেই না গান শুরু করল, সামনে থাকা শ্রোতারা তাকে নিয়ে হাসিতামাশা শুরু করল, কারণ কাকের সুরেলা কণ্ঠ কখনো সুরেলা হয় না। অনেকে পচা টমেটো ছুড়ে দিল তার দিকে। অবশেষে কাক লজ্জিত হয়ে মঞ্চ থেকে নেমে গেল।
গল্পের শিক্ষা
পারিপার্শ্বিক প্রভাবে কারও কখনো নিজের প্রকৃত অবস্থান ভুলে যাওয়া উচিত নয়।

মন্তব্য করুন