এক গ্রামে এক ঝগড়াটে মহিলা ছিল। সবার সঙ্গেই কারণে-অকারণে ঝগড়া করত। ঝগড়া করতে খুবই পছন্দ করত। ঝগড়া না করলে পেটের ভাত হজমই হতো না, এমন অবস্থা। সেই মহিলাকে নিয়ে পুরো গ্রামবাসী বিরক্ত। শেষে সবাই একটা সিদ্ধান্ত নিল: কেউ সেই মহিলার সঙ্গে কথা বলবে না, তাহলে আর ঝগড়া হবে না। তা-ই করল। কথা বলা বন্ধ করায় বেশ কিছুদিন ঝামেলা থেকে সবাই মুক্ত।
কিন্তু এদিকে ঝগড়া করতে না পেরে মহিলার পেট ফুলে যাচ্ছিল। তাই একদিন একটা ফন্দি আঁটল। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলতে লাগল, এক কেজি তরকারিতে দুই কেজি লবণ দিলাম, তা-ও নোনতা হলো না। এক কেজি তরকারিতে দুই কেজি লবণ দিলাম, তা-ও নোনতা হলো না… এভাবে বলতে বলতে সে হাঁটছে। এই কথা শুনে আরেক মেয়ে বলে বসল, এ কেমন কথা দিদি, এমন হয় নাকি?
ব্যস! সেই মহিলা গলা চড়িয়ে শুরু করল: মরার ঘরের মরা, আমার তরকারির লবণ হয়নি তো তুই জানবি, নাকি আমি জানব? তুই দেখেছিস আমার তরকারি?
তাতেই সেই মেয়ে বুঝল ভুলটা কোথায়, আর কথা না বলে চুপচাপ হেঁটে ঘরের ভেতরে চলে গেল।
গল্প শেষ।

মন্তব্য করুন